প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 28, 2026 ইং
মধুপুরে কর্নেল আজাদের গাড়ীর বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার।। আটক ৩

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থীর গাড়ীর বহর থেকে দেশীয় অস্ত্রসহ তিন জনকে আটক করেছে সেনাবাহিনীর টহলদল। এ সময় তার ব্যবহৃত গাড়ী থেকে ৫টি হকিস্টিক, ৪টি চাইনিচ কুড়াল ও অত্যাধুনিক লাঠি উদ্ধার করেন তারা। বুধবার (২৮ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের নাগবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে।
এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন মধুপুরের সহকারি কমিশনার (ভূমি) নঈম উদ্দিন। জানা যায়, টাঙ্গাইল-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আসাদুল ইসলাম ওরফে কর্ণেল (অব:) আজাদ। তিনি তার কর্মী-সমর্থকদের নিয়ে প্রতিদিনের মতো বিভিন্ন এলাকায় জনসংযোগ করে ফিরছিলেন। চারটি গাড়ীর বহরের অগ্রভাগে ছিলেন কর্ণেল আজাদ। মির্জাবাড়ী ইউনিয়নের নাগবাড়ী এলাকায় সেনাবাহিনীর চেকপোস্টে গাড়ী তল্লাশী করা হয়। এসময় কর্ণেল আজাদের গাড়ীর বহরের দ্বিতীয় গাড়ীতে তল্লাশী করার সময় ৫টি হকিস্টিক, ৪টি চাইনিজ কুড়াল ও অত্যাধুনিক লাঠি উদ্ধার করা হয়। এ সময় গাড়ীতে থাকা তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন টাঙ্গাইলের মধুপুর উপজেলার ফাজিলপুর গ্রামের মৃত আমির আলীর ছেলে আল বোখারী, একই গ্রামের জুলহাস আলীর ছেলে নাইম ও ইদ্রিস আলীর ছেলে রিপন হোসেন।প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ঘটনা মুহুর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। চেকপোস্টে দায়িত্বপ্রাপ্তরাও উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। এরই মধ্যেই কর্ণেল আজাদের কর্মী সমর্থকেরা ঘটনাস্থলে আসতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হন। প্রায় ঘন্টাখানেক পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটককৃত তিনজনসহ দেশীয় অস্ত্রগুলো নিয়ে থানায় আসেন।
এ ব্যাপারে সহকারি পুলিশ সুপার (মধুপুর সার্কেল) আরিফুল ইসলাম জানান, তিনজনকে আটক করা হয়েছে। দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে বিস্তারিত সকল তথ্য সরবরাহ করা হবে।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মধুপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) নঈম উদ্দিন বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। দেশীয় অস্ত্রসহ আটক করায় সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়নি। এই ঘটনায় নিয়মিত মামলা হবে। বিধিগতভাবে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হবে।
এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী অবসরপ্রাপ্ত কর্ণেল মো. আসাদুল ইসলাম ওরফে কর্ণেল আজাদের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তবে এই ঘটনার পর গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেছেন, আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। গুজব ছড়ানো হচ্ছে। শহীদ হাদিরা যেখানে নিরাপদ নয়। সেখানে আমারও জীবনের মায়া আছে। এ জন্য আমিও একা ঘুরি না
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com