প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 2, 2026 ইং
বাসাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে হত্যার অভিযোগ

টাঙ্গাইলের বাসাইলে জমির আইল কাটা নিয়ে বিরোধের জের ধরে আনছার মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া সিকদারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আনছার মিয়া ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে। অভিযুক্তের নাম লেবু মিলেটারী ওরফে লাবু সিকদার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে আনছার মিয়া বাড়ির পাশের সজ ক্ষেতের আইল কাটছিলেন। খবর পেয়ে লেবু মিলেটারী সেখানে গিয়ে আনছার মিয়াকে গালিগালাজ করে। সেসময় আনছার মিয়ার স্ত্রী এগিয়ে গেলে তাকেও গালিগালাজ করা হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আনছার মিয়াকে মারধর করে লেবু মিলেটারী। এ সময় আনছার মিয়া মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ‘নিহতের লাশ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com