প্রিন্ট এর তারিখঃ Feb 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 18, 2026 ইং
৩৬ বছর পর মন্ত্রী পেল টাঙ্গাইল সদরবাসী

বিশেষ প্রতিবেদক
টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু প্রতিমন্ত্রী হিসেবে মঙ্গলবার বিকেলে শপথ নিয়েছেন। এর মধ্য দিয়ে দীর্ঘ ৩৬ বছর পর টাঙ্গাইল সদর থেকে নির্বাচতি কোন সংসদ সদস্য মন্ত্রীসভায় স্থান পেলেন।
কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন এবার প্রথম সংসদ সদস্য নির্বাচিত হলেন। তিনি মন্ত্রীসভায় স্থান পাওয়ায় শুধু তার সমর্থক নয়, টাঙ্গাইল সদরবাসীও আনন্দিত। বঙ্গবন্ধু শেখ মুজিব, জিয়াউর রহমান, এইচএম এরশাদের মন্ত্রীসভায় টাঙ্গাইল-৫ (সদর) থেকে নির্বাচিত সংসদ সদস্যরা পূর্ণমন্ত্রী ছিলেন। দীর্ঘদিন পর সুলতান সালাউদ্দিন মন্ত্রীত্ব লাভের মধ্যদিয়ে তিনদশকের বেশি সময়ের শূণ্যতা পূরণ হলো বলে মনে করেন শহরবাসী।
মঙ্গলবার বিকেলে সুলতান সালাউদ্দিনের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার খবর ছড়িয়ে পড়ে। তার সমর্থকরা এ খবর শুনে আনন্দ মিছিল বের করেন। তারা শহরের শহীদ মিনার থেকে মিছিল নিয়ে পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করেন।
শহরের আকুর টাকুর পাড়ার অধিবাসী মাহবুবুর রহমান জানান, ৯১ সালের সংসদ নির্বাচনের পর থেকে টাঙ্গাইল সদরের মানুষ মন্ত্রী না পেয়ে আশাহত হয়েছেন। এবার তাদের সে আশা পূরণ হলো।
স্থানীয় সুত্র জানায়, এর আগে সর্বশেষ সদর থেকে নির্বাচিত সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান এরশাদ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এরশাদ সরকারের পতনের পর তার মন্ত্রীত্ব চলে যায়। তিনি কারাবন্দি হন। কারাগারে থেকেই জাতীয় পার্টিার মনোনয়ন নিয়ে ১৯৯১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ১৯৯৪ সালে তিনি বিএনপিতে যোগদান করেন। এরপর ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য প্রবীন রাজনীতিক আব্দুল মান্নান সংসদ সদস্য নির্বাচিত হন। বঙ্গবন্ধুর মন্ত্রীসভার স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তিনি। সেবার সদরবাসী আশা করেছিলো তিনি শেখ হাসিনার মন্ত্রীসভায় স্থান পাবেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি মন্ত্রী হতে পারেননি। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সেবার টাঙ্গাইল জেলা থেকে চারজন মন্ত্রীসভায় স্থান পেলেও মাহমুদুল হাসান মন্ত্রী হতে পারেননি। ২০০৮ সালের নির্বাচনে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির সভাপতি মণ্ডলীর সদস্য আবুল কাশেম এবং পরবর্তিতে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছানোয়ার হোসেন সংসদ সদস্য নির্বাচিত হন। তারা কেউ মন্ত্রী হতে পারেননি। ফলে দীর্ঘদিন মন্ত্রীবিহীন ছিলো টাঙ্গাইল সদর আসন।
টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক ওরফে সানু বলেন, সুলতান সালাউদ্দিন মন্ত্রীসভায় স্থান পাওয়ায় শুধু দলের নয়, সদর উপজেলার প্রতিটি মানুষ আনন্দিত। দীর্ঘদিন পর সদর থেকে মন্ত্রী হওয়ায় আমরা সবাই অনেক খুশি হয়েছি। সদরের উন্নয়নে সুলতান সালাউদ্দিন অনেক বেশি ভূমিকা রাখতে পারবেন বলে মনে করছি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com