প্রিন্ট এর তারিখঃ Feb 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 22, 2026 ইং
সখীপুরে শহীদ মিনারে ফুল দিয়ে গ্রেপ্তার হলেন আ.লীগ নেতা

টাঙ্গাইলের সখীপুরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করায় জাহিদ ইকবাল জাহাঙ্গীর নামের এক আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হয়েছেন বলে গুঞ্জন ওঠেছে। তবে তাঁকে পাশ্ববর্তী বাসাইল থানা-পুলিশ ভিন্ন একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে বলে পুলিশ জানিয়েছে। আজ রোববার সকালে পৌরসভার উত্তরামোড় এলাকা থেকে সখীপুর ও বাসাইল থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তিনি উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহ্বায়ক।
স্থানীয় নেতা-কর্মী সূত্রে জানা গেছে, জাহিদ ইকবাল জাহাঙ্গীর গত ২১ ফেব্রুয়ারি সকালে সখীপুর উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তাঁর সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা মাহবুব সাদিক মিয়েল উপস্থিত ছিলেন। কিছুক্ষণের মধ্যেই পুষ্পস্তবক অর্পণের ৩০ সেকেন্ডের একটি রিল ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে জাহিদ ইকবাল জাহাঙ্গীরকে সখীপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। এ ঘটনার একদিন পর আজ রোববার সকালে পুলিশ তাঁকে গ্রেপ্তার করল।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, শহীদ মিনারে ফুল দেওয়ার বিষয়ে আমি কিছু জানিনা। মূলত তাঁকে বাসাইল থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বাসাইল থানা পুলিশকে আমরা সহযোগিতা করেছি মাত্র।
এ বিষয়ে জানতে চাইলে বাসাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আফরাফুল ইসলাম বলেন, 'চলন্তবাসে আগুনের ঘটনায় হওয়া মামলায় সন্দেহভাজন আসামী হিসেবে জাহিদ ইকবাল জাহাঙ্গীর নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত, গত ১২ নভেম্বর দিবাগত রাত একটার দিকে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় চলন্ত অবস্থায় যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ১৩ নভেম্বর গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে বাসাইল থানায় মামলা দায়ের করেন।
এদিকে পুলিশের এমন দাবি অস্বীকার করে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আওয়ামী লীগ নেতা বলেন, মূলত আওয়ামী লীগের পক্ষে ফুল দেওয়ার কারণেই জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়েছে। সমালোচনার ভয়ে পুলিশ বাসাইল থানার ভিন্ন একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার দেখিয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com