প্রিন্ট এর তারিখঃ Feb 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 25, 2026 ইং
সখীপুরে গভীর রাতের অগ্নিকাণ্ডে ২ দোকান পুড়ে ছাই

টাঙ্গাইলের সখীপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দুইটি দোকান পুড়ে ছাই হয়েছে। গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের কালিয়ানপাড়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে দুটি দোকানের প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও প্রত্যক্ষদর্শীরা এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ১২টার দিকে সাবেক ইউপি সদস্য শাহাদত হোসেনের মনোহরী দোকানের ভেতর আগুনের ধোঁয়া দেখা যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততোক্ষণে দুটি দোকান পুড়ে সব শেষ হয়ে গেছে।
ব্যবসায়ী শাহাদত হোসেন বলেন, তারাবীর নামাজ শেষে দোকান বন্ধ করে বাড়িতে খাবার খেতে গিয়েছিলাম। শব্দ শুনে ছুটে এসে দেখি দাউদাউ আগুনে সব শেষ হয়ে গেছে। অন্তত ১৬-১৭ লাখ টাকা শেষ! বেশিরভাগই ঋণের টাকা দিয়ে তোলা। এক রাতের আগুনে আমি পথে বসে গেলাম।
অন্যদিকে ইলেকট্রনিক মেকানিক আব্দুল জলিলও একইভাবে নিঃস্ব হয়েছেন। তাঁর দোকানে লক্ষাধিক টাকার যন্ত্রপাতি ও মালামাল ছিল। খবর পেয়ে বাজারে ছুটে এলেও আগুনের তীব্রতায় কিছুই রক্ষা করতে পারেননি তিনি।
আব্দুল জলিল বলেন, এই দোকানটিই ছিল আমার সংসারের একমাত্র উপার্জনের মাধ্যম। এখন পরিবার নিয়ে কীভাবে চলবো জানিনা।
সখীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়ারহাউস ইন্সপেক্টর রতন রায় প্রগতির আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ছয় লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এ ছাড়া প্রায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com