প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 2, 2026 ইং
সখীপুরে ৩ ইউপি চেয়ারম্যানকে স্বপদে পুনর্বহাল

টাঙ্গাইলের সখীপুর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে পুনর্বহাল করা হয়েছে। টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মাহফুজুল আলম মাসুম এক পত্রের মাধ্যমে এ আদেশ জারি করেছেন। রোববার বেলা ১১টার দিকে দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী আসিফ নিজ কার্যালয়ে দায়িত্ব বুঝে নিয়েছেন। এ সময় ইউপি সদস্য ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন ও বহুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা দ্রুতই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেবেন বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ও জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার চিঠি সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে উপজেলার ১০টির মধ্যে ৬টি ইউনিয়নের চেয়ারম্যানকে অনুপস্থিত দেখিয়ে সেবা কার্যক্রম বন্ধ রয়েছে মর্মে কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করা হয়। পরে পর্যায়ক্রমে ওইসব ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়ার নির্দেশ দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে ওইসব ইউপির চেয়ারম্যানেরা উক্ত আদেশ বাতিলের জন্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেন। ওই রিট পিটিশনের আদেশ মোতাবেক টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাহফুজুল আলম মাসুম এক পত্রের মাধ্যমে সখীপুর উপজেলার বহুরিয়া, কাকড়াজান ও দাড়িয়াপুর ইউনিয়নের প্রশাসক নিয়োগের আদেশ স্থগিত করে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের পুনর্বহাল করেন।
এ বিষয়ে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী বলেন, হাইকোর্টের আদেশ মোতাবেক উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পুনর্বহাল করা হয়েছে। পুনর্বহালকৃত চেয়ারম্যানগণ তাঁদের নিয়মিত কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
উল্লেখ্য, কয়েকমাস আগে উপজেলার বড়চওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম ও যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ারকে স্বপদে বহাল করা হয়েছে। এখন শুধুমাত্র উপজেলার বহেড়াতৈল ইউনিয়ন পরিষদে নির্বাচিত চেয়ারম্যানের পরিবর্তে একজন প্রশাসক দায়িত্ব পালন করছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com