প্রিন্ট এর তারিখঃ Mar 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 7, 2026 ইং
টাঙ্গাইলে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৫ জন গ্রেপ্তার ৩টি মোটরসাইকেল উদ্ধার

টাঙ্গাইলের বারোটি উপজেলাতে বিভিন্ন সময়ে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটো রিক্সা চুরির ঘটনা ঘটছে। জনসাধারণের অত্যন্ত প্রয়োজনীয় এই বাহন চুরি রোধে পুলিশ প্রশাসন নানামুখী পদক্ষেপ গ্রহণ করে। এরই মধ্যে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। তাদের হেফাজতে থাকা তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে তারা। শুক্রবার (৬ মার্চ) দুপুরে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।
রেজওয়ান সিদ্দিকী জানান, টাঙ্গাইল সদর থানা পুলিশের একটি চৌকস দল ঝটিকা অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৫ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত থেকে চুরি হওয়া ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। দীর্ঘ গোয়েন্দা নজরদারি এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় টাঙ্গাইল ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গত তিন মার্চ পনিরকে গ্রেপ্তারের আাদালত অনুমতি নিয়ে রিমান্ডে জিজ্ঞাসাবাদে দেয়া তথ্যের ভিত্তিতে টাঙ্গাইল ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হ।
গ্রেপ্তারকৃতরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার পূর্ব আদালতপাড়ার মৃত ওমর আলীর ছেলে সাগর আলী (২৮), একই এলাকার মৃত আবু মিয়ার ছেলে মো: পনির (২৭), ইসমাইল হোসেনের ছেলে আনিছুর রহমান আনিছ, ঢাকার ধামরাই উপজেলার চৌহাট এলাকার রজ্জব আলীর ছেলে জাহিদ হোসেন (৩০) এবং একই এলাকার বাবুল হোসেনের ছেলে বিপ্লব হোসেন হৃদয় (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ জানুয়ারি ২০২৬ তারিখে টাঙ্গাইল প্রেস ক্লাবের নিচ থেকে মোঃ মোমিনুর রহমানের একটি লাল রঙের অ্যাপাচি আরটিআর (১৫০ সিসি) মোটরসাইকেল চুরি হয়। এর ঠিক এক মাস পর, ২৬ ফেব্রুয়ারি টাঙ্গাইল সদর থানাধীন সাবালিয়া পাঞ্জাপাড়া এলাকার এসপি পন্ডিত ডাক্তারের বাড়ির সামনে থেকে মোঃ শাহীন মিয়ার একটি সবুজ-কালো রঙের টিভিএস মেট্রো মোটরসাইকেল চুরি হয়। এই দুই ঘটনায় টাঙ্গাইল সদর থানায় পৃথক দুটি মামলা (মামলা নং-৩৪ ও ১৮) রুজু করা হয়।
পরপর দুটি চুরির ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করলে টাঙ্গাইল জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়ের নির্দেশনায় বিশেষ তদন্ত শুরু হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব এইচ. এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী এবং টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব রুহুল আমিনের তত্ত্বাবধানে একটি চৌকস টিম মাঠে নামে।
গত মঙ্গলবার (৩ মার্চ) টাঙ্গাইল শহরের পূর্ব আদালতপাড়া চৌধুরী বাজার এলাকা থেকে মোঃ সাগর আলী (২৮) ও মোঃ পনির (২৭) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের রিমান্ডে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদের পর তাদের দেওয়া তথ্যে গত ৫ মার্চ গাজীপুরের কালিয়াকৈর থানাধীন চন্দ্রা এলাকা থেকে মোঃ আনিছুর রহমান ওরফে আনিছ (৩২) এবং মোঃ জাহিদ হোসেন (৩০) কে একটি চোরাই সুজুকি জিক্সারসহ গ্রেফতার করা হয়।
একই দিনে টাঙ্গাইল কুমুদিনী কলেজের সামনে থেকে বিপ্লব হোসেন হৃদয় (২৫) নামে আরও একজনকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে শাহীন মিয়ার চুরি হওয়া টিভিএস মেট্রো মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। পরবর্তীতে হৃদয়ের দেওয়া তথ্যে চুরির কাজে ব্যবহৃত আরও একটি অ্যাপাচি ১৬০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদ ও গ্রেপ্তারকৃত আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরির কাজে ব্যবহৃত একটি এ্যাপাচি আরটিআর ১৬০ সিসি ৪ভি, একটি টিভিএস মেট্রো ১০০ সিসি (রেজিঃ নং-টাঙ্গাইল-হ-১২-২৭১৯) এবং একটি সুজুকি জিক্সার (উদ্ধারকৃত চোরাই বাইক) মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্রতারকৃত আসামিরা মোটরসাইকেল চুরির সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে টাঙ্গাইলসহ আশেপাশের জেলায় সংঘবদ্ধভাবে মোটরসাইকেল চুরি ও কেনাবেচা করে আসছিল। চক্রের অন্যান্য সদস্যদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com