প্রিন্ট এর তারিখঃ Mar 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 9, 2026 ইং
ঘাটাইলে গুডনেইবারস ঘাটাইল সিডিপির আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন

সকল নারী ও কন্যাশিশুর জন্য অধিকার, ন্যায়বিচার ও কার্যকর পদক্ষেপ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে রোববার ( ৮ মার্চ) বিকেলে গুড নেইবারস বাংলাদেশ কর্তৃক ঘাটাইল সিডিপি প্রাঙ্গণে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল। তিনি তার বক্তব্যে বলেন, নারী ও কন্যাশিশুর অধিকার নিশ্চিতকরণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে একটি সমতাভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি নারীদের আত্মনির্ভরশীল হয়ে সমাজ উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় নারী প্রতিনিধি, অভিভাবক, শিক্ষক, এবং কমিউনিটির সদস্যরা অংশগ্রহণ করেন। আলোচনা পর্বে নারীর অধিকার, নারী শিক্ষা, নেতৃত্ব বিকাশ এবং সমাজে নারীর ইতিবাচক ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে সমাজে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ একজন সফল নারী উদ্যোক্তাকে “সাহসিকা (SAHOSIKA) অ্যাওয়ার্ড” প্রদান করা হয়। তার এই সম্মাননার অংশ হিসেবে একটি ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। সমাজ উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে তার সাহসী উদ্যোগ এবং ইতিবাচক অবদানের স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা প্রদান করা হয়।
গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি কর্তৃপক্ষ জানান, নারীর ক্ষমতায়ন, অধিকার প্রতিষ্ঠা এবং সমাজে সমতা নিশ্চিত করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com