প্রিন্ট এর তারিখঃ Mar 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 10, 2026 ইং
বেবিস্ট্যান্ড কাঁচাবাজারে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১২ দোকান সহায়তার আশ্বাস দিলেন জেলা প্রশাসকের

টাঙ্গাইল শহরের বেবিস্ট্যান্ড কাঁচাবাজার এলাকায় অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৯ মার্চ) ভোরে লাগা এই অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন। স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার ভোররাতে টাঙ্গাইল শহরের বেবিস্ট্যান্ড কাঁচাবাজার এলাকায় একটি দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাদের প্রায় দেড় ঘণ্টার নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে মুদির দোকান, ওষুধের দোকান, মুরগির দোকান ও কনফেকশনারি রয়েছে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ুন কার্ণায়েন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ (শর্ট সার্কিট) থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকান্ডে প্রায় ১৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । তবে ফায়ার সার্ভিস সদস্যদের তৎপরতায় প্রায় ৫০লাখ টাকার মালামাল উদ্বার করা সম্ভব হয়েছে। সর্বস্ব হারানো ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান , মুহুর্তের অগ্নিকান্ডে তাদের দোকানের সব মালামাল চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেছে। অনেক ব্যবসায়ী এখন পথে বসার উপক্রম হয়েছেন। আগুনের তীব্রতায় তারা কোনো কিছু বের করার সুযোগই পাননি। এদিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই সোমবার (৯ মার্চ) জেলা প্রশাসক শরীফা হক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি দোকানের ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন। ঘটনাস্থলে ক্ষতিগ্রস্তদের উদ্দেশে জেলা প্রশাসক শরীফা হক বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমি ক্ষতিগ্রস্তদের ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করে দ্রুততম সময়ের মধ্যে সরকারিভাবে সহায়তা প্রদানের ব্যবস্থা করব। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে কিছুটা আশার সঞ্চার হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com