প্রিন্ট এর তারিখঃ Mar 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 17, 2026 ইং
টাঙ্গাইলে সেফ লাইফের উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

টাঙ্গাইলে পরিবেশ ও সমাজ সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন সেফ লাইফ–এর উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) সকালে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রায় দুই শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি বিতরণ করা হয়। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি।
সেফ লাইফের সভাপতি মোঃ রুবেল মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেইলি স্টার–এর টাঙ্গাইল প্রতিনিধি ও সেফ লাইফের উপদেষ্টা মির্জা শাকিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক তরুণ ইউসুফ।
এসময় অতিথিরা বলেন, সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সামাজিক বন্ধনকে আরও শক্তিশালী করে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com