প্রিন্ট এর তারিখঃ Mar 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 17, 2026 ইং
ঈদযাত্রায় যমুনা সেতুতে বাড়ছে যানবাহনের চাপ একদিনে ২ কোটি ৩৯ লাখ টাকা টোল আদায়

পবিত্র ঈদুল ফিতর যত ঘনিয়ে আসছে, ততই ব্যস্ত হয়ে উঠছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক। উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষের ঈদযাত্রাকে কেন্দ্র করে যমুনা সেতুতে যানবাহনের চাপ ব্যাপক হারে বেড়েছে।
গত ২৪ ঘণ্টায় এই সেতু দিয়ে ২৫ হাজার ৪৪০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে মোট ২ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ৫০০ টাকা।
সেতু কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, শনিবার রাত ১২টা থেকে রোববার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাবে এই বিশাল অঙ্কের টোল সংগৃহীত হয়েছে। পূর্ব প্রান্ত (টাঙ্গাইল অংশ): মোট ১২ হাজার ৯৮১টি যানবাহন পারাপার হয়েছে। এখান
থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ১৮ লাখ ৬৩ হাজার টাকা। এবং পশ্চিম প্রান্ত (সিরাজগঞ্জ অংশ): মোট ১২ হাজার ৪৫৯টি যানবাহন পারাপার হয়েছে। এখান থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ২০ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা।
ঈদযাত্রায় ফি-বছর যমুনা সেতু এলাকায় দীর্ঘ যানজটের ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। তবে এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং টোল প্লাজায় জটলা এড়াতে বিশেষ প্রস্তুতি নিয়েছে সেতু কর্তৃপক্ষ।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, বর্তমানে সেতুর দুই পাশে মোট ১৮টি বুথ দিয়ে নিরবচ্ছিন্নভাবে টোল আদায় করা হচ্ছে। ঈদ উপলক্ষে মোটরসাইকেলের আধিক্য বিবেচনায় নিয়ে দুই প্রান্তেই ২টি করে মোট ৪টি আলাদা বুথ শুধুমাত্র বাইক পারাপারের জন্য বরাদ্দ করা হয়েছে । এতে করে বড় যানবাহনের সারিতে মোটরসাইকেল আটকে থাকার ঝামেলা কমেছে। সাধারনত যমুনা সেতু দিয়ে প্রতিদিন গড়ে ১৮ থেকে ২০ হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদের ছুটিতে এই সংখ্যা কয়েক গুন বেড়ে যায়। ১৯৯৮ সালে সেতুটি উদ্বোধনের পর থেকেই এটি উত্তরবঙ্গের লাইফলাইন হিসেবে পরিচিত। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি ছুটি পূর্ণমাত্রায় শুরু হলে যানবাহনের এই সংখ্যা আরও বাড়বে এবং টোল আদায়ের পরিমাণ ৩ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
জানা গেছে, মহাসড়কে যানবাহনের আধিক্য থাকলেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো যানজট সৃষ্টি হয়নি। তবে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৩ কিলোমিটারের দুই লেনের সড়কে যানবাহনের গতি কিছুটা ধীর। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে ড্রোন মনিটরিং এবং অতিরিক্ত মোবাইল টিমের মাধ্যমে শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা চলছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com