প্রিন্ট এর তারিখঃ Mar 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 17, 2026 ইং
নাগরপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের নাগরপুরে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা জোরদারের লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে নাগরপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে সভায় উপজেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা ও জনস্বার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসান, টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্যের পিএস মো. মুশফিকুর রহমান সানী, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আহম্মদ আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আ. মজিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, নাগরপুর থানার এসআই রেজাউল হোসেন, নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল এবং জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক মো. আজিজুল হক বাবুসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।
সভায় উপজেলার মাদক ও ইভটিজিং প্রতিরোধে প্রতিটি ইউনিয়নে অভিযান জোরদার করা, শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে বখাটেদের উৎপাত বন্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এছাড়া গুরুত্বপূর্ণ মোড় ও নির্জন এলাকায় পুলিশি টহল বৃদ্ধি এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরার আওতা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়। সামাজিক অপরাধ দমনে জনপ্রতিনিধি, প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের সমন্বিতভাবে কাজ করার ওপর সভায় বিশেষ জোর দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফান উদ্দিন বলেন, নাগরপুরকে একটি নিরাপদ ও অপরাধমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন বদ্ধপরিকর। বিশেষ করে মাদকসহ জননিরাপত্তা বিঘ্নিতকারী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। সভায় উপস্থিত সদস্যরা নিজ নিজ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন এবং প্রশাসনের গৃহীত উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com