প্রিন্ট এর তারিখঃ Mar 31, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 31, 2026 ইং
সখীপুরে পেট্রল ভরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত

টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় রিদুয়ান ইসলাম (১৭) নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-সখীপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার প্রতিমা বংকী কামিল মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাবার মোটরসাইকেলে পেট্রল তুলতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন বলে জানা গেছে। নিহত রিদুয়ান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হুমায়ুন মিয়ার ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার হিফজ্ বিভাগের শিক্ষার্থী ছিলেন।
দুর্ঘটনাস্থলের স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, সোমবার ভোরে ঢাকা-সখীপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার প্রতিমা বংকী কামিল মাদ্রাসার দক্ষিণ পাশে রিদুয়ান নামের ওই যুবক মোটরসাইকেলসহ সড়কের পাশে পড়ে ছিলেন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের রিদুয়ানের আত্মীয় আব্দুল্লাহ আল কাফী জানান, রিদুয়ান তাঁর বাবার মোটরসাইকেলে পেট্রল তুলতে সখীপুর থেকে বোয়ালী বাজারের "সখীপুর ফিলিং স্টেশন" —এর দিকে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে কোনো ভারি যানবাহন তাঁকে চাপা দিয়ে পালিয়ে গেছে।
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা কাজী মঞ্জুরুল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই দুর্ঘটনার শিকার ওই যুবকের মৃত্যু হয়েছে।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন চৌধুরী বলেন, নিহত রিদুয়ানের মরদেহের সুরতহাল করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com