প্রিন্ট এর তারিখঃ Apr 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 3, 2026 ইং
সখীপুরের দুই মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড

টাঙ্গাইলের সখীপুরে জয় বিশ্বাস (২৬) ও জসিম মিয়া (৩০) নামের দুই মাদকসেবীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ভোরে তাদের টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত বুধবার রাত ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা এ দণ্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত জয় বিশ্বাস পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হরিলাল বিশ্বাসের এবং জসিম মিয়া ৩নম্বর ওয়ার্ডের শহীদ মিয়ার ছেলে।
সখীপুর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ১১টার দিকে সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) ফয়েজ উদ্দিন, শান্তি বিশ্বাস ও আব্দুর রহমানসহ পুলিশের একটি দল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সিকদার রোড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় জয় বিশ্বাস ও জসিম মিয়াকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। তাদের কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন উপকরণও উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যককে ৬ মাস করে কারাদণ্ডের আদেশ দেন।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) ফয়েজ উদ্দিন বলেন, মাদকসেবী জয় বিশ্বাস ও জসিম মিয়া ওতপ্রোতভাবে মাদকের সঙ্গে জড়িত বলে জানা গেছে। তাদের কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদিও পাওয়া গেছে। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে বৃহস্পতিবার ভোরে তাদের টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com