প্রিন্ট এর তারিখঃ Apr 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 6, 2026 ইং
সখীপুরে সড়ক দুর্ঘটনায় ২ কিশোর নিহত: থামছেনা ইউপি সদস্য মায়ের আহাজারি

সাইফুল ইসলাম সানি, সখীপুর (টাঙ্গাইল) থেকে:
যদি মোটরসাইকেল কিনে না দাও তাহলে আমি মারা যাবো (আত্মহত্যা)। কয়েক মাস আগে দশম শ্রেণিতে পড়ুয়া কিশোর ইয়ানুর (১৫) তার মা শিউলি বেগমকে এই হুমকি দিয়েছিল। গত শনিবার সেই শখের মোটরসাইকেলই তার প্রাণ কেড়ে নিয়েছে। রোববার সকালে উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের বালিয়াটা গ্রামে গিয়ে দেখা যায়, ইউপি সদস্য মা শিউলি বেগম সন্তান হারিয়ে আক্ষেপ করছেন— "বাবা তোমার শখের মোটরসাইকেল কিনে দিলাম, তারপরও কেনো মারা গেলা!" কাফনে মোড়ানো ছেলের লাশ নিয়ে যাওয়া হচ্ছিল কবরস্থানের দিকে। দূরে দাঁড়িয়ে এমন আক্ষেপ আহাজারি-চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ওই দুর্ঘটনায় নিহত মোজাম্মেলের বাড়িতেও দেখা গেছে একই রকম চিত্র।
গত শনিবার (৪ এপ্রিল) রাত ৮টার দিকে সখীপুর-গোড়াই সড়কের উপজেলার তক্তারচালা এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে ইয়ানুরের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার সহপাঠী বন্ধু মোজাম্মেল হোসেন (১৫) মারা যায়। নিহত মোজাম্মেল উপজেলার হাতিবান্ধা উত্তরপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেওয়ার পথে ইয়ানুরেরও মৃত্যু হয়। এ ঘটনায় তাদের অপর বন্ধু মাহির হাসান (১৬) বর্তমানে ঢাকার একটি হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিও) চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। ওই তিন বন্ধু স্থানীয় খোশবাহার উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বিকেল বেলায় তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে তক্তারচালা বাজারে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোজাম্মেলের মৃত্যু হয়। এ সময় ইয়ানুর ও মাহির গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্যে তাঁদের ঢাকায় পাঠানো হয়। উত্তরা এলাকায় গিয়ে ইয়ানুরের মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে উপজেলাজুড়ে শোক, ক্ষোভ ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। প্রশ্ন ওঠে শিশু-কিশোরদের হাতে দ্রুতগতির মোটরসাইকেল তুলে দেওয়া নিয়ে।
এ বিষয়ে হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহজাহান খান রবিন বলেন, অভিভাবক হিসেবে আমাদের কিছু দায়িত্ব-কর্তব্য রয়েছে। আমরা যেনো প্রাপ্তবয়স্ক হওয়ার আগে শিশু-কিশোরদের হাতে মোটরসাইকেল তুলে না দিই। এ সময় তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, ফিলিং স্টেশনগুলোতে যেনো ১৮ বছরের কম বয়সী চালকদের জন্য তেল না দেওয়া হয়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন পিপিএম বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর ইতোমধ্যে মারা গেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ঘাতক পিকআপটি শনাক্ত করার চেষ্টা চলছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com