প্রিন্ট এর তারিখঃ Apr 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 7, 2026 ইং
টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন মির্জাপুর থানার মামুন

টাঙ্গাইল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা পুলিশ লাইনে অনুষ্ঠিত হয়েছে। সভায় মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুনকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে। রোববার দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলমের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) আবিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহ নেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকীসহ অন্যান্য কর্মকর্তারা। ওসি মামুনকে মাদক উদ্ধার, ডাকাতি ও হত্যা মামলার রহস্য উদঘাটন, অপরাধ দমন, সেবা প্রদান এবং রেকর্ডসংখ্যক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হয়েছে।
এছাড়া, হত্যা মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার এবং মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদানের জন্য মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) সানাউল ইসলামকে জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়েছে।
মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ পুরস্কার তাকে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রাণিত করবে। তিনি আরও বলেন, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলমের নির্দেশনায় জনবান্ধব পুলিশের দৃষ্টান্ত স্থাপনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
উল্লেখ্য, ওসি আব্দুল্লাহ আল মামুন ২০২৫ সালের ৮ ডিসেম্বর মির্জাপুর থানায় যোগদান করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com