প্রিন্ট এর তারিখঃ Apr 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 7, 2026 ইং
ভূঞাপুরে যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

কামাল হোসেন
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে ড্রেজার বসিয়ে অবৈধ বালু উত্তোলনের দায়ে আসলাম তালুকদার নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দিবাগত মধ্য রাতে উপজেলার সারপলশিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান।
দন্ডপ্রাপ্ত আসলাম তালুকদার পাথাইলকান্দী গ্রামের মৃত আব্দুল হাকিম তালুকদারের ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান জানান, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে যমুনা নদীতে ড্রেজার বসিয়ে অবৈধ বালু উত্তোলন করে আসছিলো আসলাম তালুকদার। গোপন তথ্যের ভিত্তিতে রোববার মধ্য রাতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে ভূঞাপুর থানা পুলিশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com