প্রিন্ট এর তারিখঃ Apr 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 10, 2026 ইং
মির্জাপুরে অবৈধ সীসা ও কয়লা কারখানা উচ্ছেদ

টাঙ্গাইলের মির্জাপুরে পরিবেশ দূষণকারী অবৈধ কারখানার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বিকেলে মির্জাপুর উপজেলার মহিষবাথান ও আজগানা এলাকায় এক যৌথ অভিযানে একটি অবৈধ সীসা উৎপাদনকারী কারখানা এবং একটি কয়লা তৈরির কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মির্জাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তারেক আজিজ এই অভিযানে নেতৃত্ব দেন।
অভিযানকালে মির্জাপুরের মহিষবাথান ও আজগানা নামক স্থানে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা উৎপাদনকারী একটি অবৈধ কারখানা এবং আজগানা এলাকায় কাঠ পুড়িয়ে কয়লা প্রস্তুতকারী একটি কারখানার সন্ধান পাওয়া যায়। পরে ভেকু দিয়ে কারখানা দুটির সকল স্থাপনা ও চুল্লি সম্পূর্ণভাবে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযান চলাকালীন পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব বিপ্লব কুমার সূত্রধর এবং হিসাব রক্ষক জনাব মোঃ সোহাগ তালুকদার উপস্থিত ছিলেন। এছাড়া মির্জাপুর থানা পুলিশের একটি চৌকস দল আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় নিয়োজিত ছিল। অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, অভিযানের সময় কারখানাগুলোর মালিক বা স্বত্বাধিকারী কাউকে পাওয়া যায়নি। কারখানাগুলো দীর্ঘদিন ধরে কোনো প্রকার অনুমোদন ছাড়াই পরিবেশের মারাত্মক ক্ষতি করে তাদের কার্যক্রম চালিয়ে আসছিল। পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় জেলার সকল অবৈধ কারখানার বিরুদ্ধে এই ধরনের উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com