প্রিন্ট এর তারিখঃ Apr 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 11, 2026 ইং
ভূঞাপুর প্রেসক্লাব সাংবাদিকদের সাথে উপজেলা বিএনপির নেতা সেলুর মতবিনিময়

আসন্ন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভূঞাপুর প্রেসক্লাব সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সেলিমুজ্জামান তালুকদার (সেলু চেয়ারম্যান)। তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। মতবিনিময়কালে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রার্থীতা ঘোষণা করেন।
শুক্রবার (১০ এপ্রিল) বিকালে ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সেলিমুজ্জামান তালুকদার সেলু উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেন।
পরিকল্পনা, উন্নয়ন ভাবনা ও স্থানীয় সমস্যা সমাধানে করণীয় বিষয়ে সাংবাদিকদের সামনে তুলে ধরে মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী সেলিমুজ্জামান তালুকদার সেলু বলেন, বিএনপি'র প্রতিষ্ঠাকাল থেকেই তিনি দলের সাথে যুক্ত ছিলেন। অতীতের দুঃসময়েও রাজপথে থেকে দলের সাথে কাজ করেছেন, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে জনগণের পাশে আছেন এবং জীবনের শেষ সময়টুকু ভূঞাপুরের মানুষের জন্য করতে চান।
রাজনৈতিক পথচলা ও সাংগঠনিক অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি আরও বলেন, তিনি কখনো দলের বিপক্ষে কোন কর্মকান্ড করেননি এবং ভবিষ্যতেও করবেন না। কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের সিদ্ধান্তই তার কাছে চূড়ান্ত। তার প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং তার প্রিয় নেতা মজলুম জননেতা এডভোকেট আব্দুস সালাম পিন্টু যে সিদ্ধান্ত দেবেন, তিনি তা মাথা পেতে নেবেন। শেষে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এসময় উপজেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট খসরু মিয়া, ফলদা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাইদুর রহমান খান মোনায়েম, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com