প্রিন্ট এর তারিখঃ Apr 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 12, 2026 ইং
মির্জাপুরে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ অর্ধকোটি টাকার মালামাল লুট

টাঙ্গাইলের মির্জাপুরে দিনদুপুরে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১১ এপ্রিল) বেলা দেড়টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের কদিম দেওহাটা গ্রামের আলতাব হোসেনের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১২ লাখ টাকা ও ১৬ ভড়ি ওজনের স্বর্ণালঙ্কারসহ প্রায় অর্ধকোটি মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে।
আলতাব হোসেন বলেন, দুপুরে তার পুত্রবধু মারিয়া বড়িতে একা ছিল। বেলা আনুমানিক দেড়টার দিকে রান্নাঘর থেকে মারিয়া বসতঘরে গিয়ে ৪/ ৫ জন অপরিচিত ব্যক্তিকে দেখতে পান। জানতে চাইলে তারা আমার নিকট এসেছেন বলে জানায়। পরে মারিয়া পাশের বাড়ির চাচী শাশুড়িকে ডাকতে চাইলে পেছন থেকে লাঠি দিয়ে তাকে আঘাত করে। তখন সে দৌড়ে টয়লেটে গিয়ে লুকায়। টয়লেট থেকেই পাশের বাড়িতে ফোন করে বাড়িত ডাকাত এসেছে বলে জানান। ডাকাতদল গুলির ভয় দেখালে মারিয়া বেরিয়ে আসে। তখন ডাকাত দলের সদস্যরা তাকে মারধর করে কম্বল চাপা দিয়ে বিছনায় ফেলে রাখে। এসময় ডাকাতদল বাড়িতে থাকা নগদ ১২ লাখ টাকা এবং ১৬ ভড়ি স্বর্ণালঙ্কারসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুটে নিয়ে চম্পট দেয়। পরে পাশের বাড়ির লোকজন খবর পেয়ে মারিয়াকে হাসপাতলে নিয়ে চিকিৎসা করান। রাত ৮টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছিল।
মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ডাকাতির ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com