প্রিন্ট এর তারিখঃ Apr 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 18, 2026 ইং
মুজিবনগর দিবস কোনো দলের না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরউত্তম) বলেছেন, মুজিবনগর দিবস কারও একার না, কোনো নির্দিষ্ট দলেরও না। দিবসটি সকল দলের, সকল মতের, সকল পক্ষের। এমনকি মুজিবনগর দিবস বর্তমান সরকারের এবং বর্তমানে যাঁরা বিরোধী দল আছে তাদেরও। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে টাঙ্গাইলের সখীপুরে নিজ বাসভবনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ এ আলোচনা সভার আয়োজন করে।
বীরউত্তম কাদের সিদ্দিকী বলেন, বাংলাদেশের নেতৃবৃন্দরা যখন ভারতে আশ্রয় নিয়েছিলেন, আমাদের যাঁরা নির্বাচিত সংসদ সদস্য ছিলেন, তাঁরা ১০ এপ্রিল আগরতলাতে স্বাধীন বাংলা বিপ্লবী সরকার গঠন করেছিলেন। আর মুজিবনগর দিবসে ১৭ এপ্রিল তাঁরা শপথ নিয়েছিলেন। সেই শপথ সারা দুনিয়ায় প্রচারিত হয়েছিল। যাঁরা মুক্তিযুদ্ধ করেছি তাঁদের সকলেরই ত্যাগ আছে, কিন্তু একটি জাতিকে স্বক্রীয় করতে, একটি জাতীয় আন্দোলনকে আন্তর্জাতিক রূপ দিতে, পৃথিবীর সমর্থন আদায় করতে যা প্রয়োজন আমাদের নেতৃবৃন্দ তা করতে সক্ষম হয়েছিলেন। মুজিবনগর সরকার যদি সঠিকভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে না পারতো, তাহলে আমরা ভালো করতে পারতাম -এটা বলা যায় না।
তিনি বলেন, আমরা প্রত্যক্ষভাবে মাঠে যুদ্ধ করেছি, আমাদের নেতৃবৃন্দ সারা দুনিয়ায় বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তুলে ধরার জন্য সফল নেতৃত্ব দিয়েছেন, এ জন্যেই আমরা ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনীদের পরাজিত করতে পেরেছি। সেইজন্যে মুজিবনগর দিবস কারও একার না। সকল দলের, সকল মতের, সকল পক্ষের। এমনকি মুজিবনগর দিবস বর্তমান সরকারের এবং বর্তমানে যাঁরা বিরোধী দল আছে তাদেরও। তাঁরা পালন করুক আর না করুক, এটা বুঝতে হবে মুজিবনগরে বাংলাদেশ সরকার গঠন না হলে, শপথ না হলে আমরা স্বাধীনতা আনতে পারতাম না।
বীরউত্তম কাদের সিদ্দিকী সম্প্রতি স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে শালীনতা আছে, গভীরতা আছে এবং তাঁর বক্তব্যে জাতীয় ঐক্যের একটা আকাঙ্ক্ষা আছে। এ সময় তিনি উল্লেখ করেন নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চাইতে লক্ষগুণ ভালো হয়। যদি তারেক রহমান তাঁর দলের একেবারে নিম্ন পর্যায়ের লোকদের সামাল দিতে পারে। তাহলে আমার কাছে মনে হয় তাঁর ভবিষ্যৎ অনেক সুন্দর হবে।
অনুষ্ঠানে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস ছবুর খানের সভাপতিত্বে দলের সহ-সভাপতি দুলাল হোসেন, আশিক জাহাঙ্গীর, আবু জাহিদ রিপন, মানবিক তুহিন সিদ্দিকী ও দলীয় অন্যান্য নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com