প্রিন্ট এর তারিখঃ Apr 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 22, 2026 ইং
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের ভালুকা উপজেলার প্রবাসী ব্যবসায়ী নিয়াজ মোর্শেদ তোতা (৫০) নিহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) সৌদি আরব সময় বিকেল তিনটায় আল-কাসিম থেকে হাইল শহরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিয়াজ মোর্শেদ তোতা ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ঝালপাজা গ্রামের মরহুম হোসেন আলী দপ্তরীর ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, তোতা মিয়া দীর্ঘদিন ধরে সৌদি আরবে বসবাস করতেন এবং সেখানে ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি তিনি ভালুকা উপজেলার সিডষ্টোর বাজারে অবস্থিত আল-মদিনা শপিং কমপ্লেক্সের স্বত্বাধিকারী ছিলেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে নিহতের ভাতিজা আল ফাহাদ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
আল ফাহাদ জানান, ব্যবসায়িক কাজে আল-কাসিম থেকে প্রায় ২০০০ কিলোমিটার দূরের হাইল শহরে যাওয়ার পথে একটি কাভার্ডভ্যান পাশ থেকে তোতা মিয়ার বহনকারী জিপ গাড়িকে চাপা দিলে দূর্ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বর্তমানে তাঁর মরদেহ সৌদি আরবের হাইল শহরের একটি হাসপাতালে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে মরদেহ দ্রুত দেশে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
প্রবাসী নিয়াজ মোর্শেদ তোতার মৃত্যুতে,পরিবার, সিডষ্টোর বাজার ব্যবসায়ী, প্রবাসী, এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে শোক প্রকাশ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com