প্রিন্ট এর তারিখঃ Apr 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 23, 2026 ইং
গৌরীপুরে শিপ্টা রবিদাস হত্যাকান্ডের বিচারের দাবিতে মাবনবন্ধন ও বিক্ষোভ

ময়মনসিংহের গৌরীপুরের মইলাকান্দা ইউনিয়নের মইলাকান্দা গ্রামে শিপ্টা রবিদাসের (৫০) হত্যাকান্ডের বিচার, অপরাধীদের গ্রেফতার-শাস্তি ও ক্ষতিগ্রস্থ পরিবারের নিরাপত্তা-ক্ষতিপূরণের দাবিতে বুধবার (২২ এপ্রিল/২৬) শ্যামগঞ্জে মানববন্ধন করেছে। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন, স্থানীয় এলাকাবাসী ও পরিবারের সদস্যরা এ কর্মসূচীর আয়োজন করে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিপন কুমার রবিদাস। বক্তব্য রাখেন সমাজসেবক ফেরদৌস আহমেদ, রবিদাস সংগঠক মানিক লাল রবিদাস, বাদল রবিদাস, রাম জিতন রবিদাস, হত্যাকান্ডের শিকার শিপ্টা রবিদাসের কন্যা সন্তান চম্পা রবিদাস প্রমুখ।
বিডিইআরএমের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিপন কুমার রবিদাস দাবী করেন, আমরা এটিকে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পুরোপুরিভাবে উদ্দেশ্য প্রণোদিত সহিংসতা বলে মনে করছি। তাকে নির্মমভাবে আঘাত করে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
বক্তারা আরও বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, ভূক্তভোগী রবিদাস জনগোষ্ঠীর সদস্যরা এ দেশেরই নাগরিক, এবং তাদের ন্যায়বিচার পাওয়ার অধিকার একটি মৌলিক মানবাধিকার। তাদের জীবন, অস্তিত্ব এবং সম্মান রক্ষা করা রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব। আমরা মানবাধিকার সংগঠন, নাগরিক সমাজ এবং সংবাদমাধ্যমের সহায়তা কামনা করছি। যাতে এই মানুষগুলির কণ্ঠ রোধ না হয় এবং তাঁদের ন্যায্য অধিকার রক্ষিত হয়। আমরা সরকারের কাছে সংবেদনশীল, মানবিক ও কার্যকর পদক্ষেপের প্রত্যাশা করছি।
উল্লেখ্য যে, গত ৩০মার্চ ভোরে শিপ্টা রবিদাসের লাশ তার ঘর থেকে উদ্ধার করে পুলিশ। তবে জুতা-লুঙ্গি পড়ে ছিলো রেললাইনে। এ ঘটনায় নিহতের ভাই রিপন রবিদা বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন।
এ প্রসঙ্গে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. কামরুল হাসান জানান, শ্যামগঞ্জ-মোহনগঞ্জ রেললাইনের পাশে নিহতের স্যান্ডেল জুতা ও লুঙ্গি পড়ে ছিলো। সেগুলো জব্দ করা হয়েছে। তদন্ত চলছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com