প্রিন্ট এর তারিখঃ Apr 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 26, 2026 ইং
আ.লীগ সরকার দুর্নীতি করে রাষ্ট্রের অর্থনীতি বেহাল দশা তৈরী করে গেছে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আওয়ামী লীগ সরকার দুর্নীতি করে রাষ্ট্রের অর্থনীতির বেহাল দশা তৈরী করে গেছে। তারপর ১৮ মাস অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে ছিলেন ড. মোহাম্মদ ইউনূস, তিনিও চেষ্টা করে গেছেন। কিন্তু এমন দেউলিয়া করে গেছেন দেশের অর্থনীতিকে যে, ওই ১৮ মাসে তেমন কিছুই দিয়ে যেতে পারেননি। সরকার একেবারে শূন্য হাতে শুরু করেছে।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে খরিপ-১/২০২৫-২৬ মৌসুমে আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ এবং প্রাণিসম্পদ খাতে ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় পিজি খামারীদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, তারেক রহমানের সরকার দেশ পরিচালনার জন্য সমস্ত কিছুতে কৃচ্ছ্রতা সাধন করছেন, তিনি আমাদেরকেও কৃচ্ছ্রতা সাধন করতে নির্দেশ দিয়েছেন। যার কারণে আমরা মন্ত্রণালয়ে এসি ছাড়ি না, ফ্যান ব্যবহার করি। তিনি চেষ্টা করছেন দেশকে একটা পর্যায়ে তুলে আনার জন্য। আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রী আমাদেরকে নিয়ে একটা স্বনির্ভর অর্থনীতির দেশে পরিণত করবার চেষ্টা করছেন। বাংলাদেশের সকল জনগণের সহযোগিতায় আমরা সফল হবো ইনশাআল্লাহ্।
তিনি বলেন, আমাদের সরকারের উদ্দেশ্য ও লক্ষ্য হলো, দুর্নীতিমুক্ত অবস্থায় বাংলাদেশকে আগামী পাঁচ বছরে অন্ততপক্ষে আমাদের সীমিত আয় এবং সম্পদ দ্বারা আমরা অন্তত মধ্যম আয়ের দেশে পরিণত করবো।
অনুষ্ঠানে উপজেলার প্রান্তিক পর্যায়ের ২৫০ জন কৃষকের মাঝে সার ও বীজ পাশাপাশি প্রাণিসম্পদ খাতে খামারীদের দক্ষতা এবং উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে ৩৫০ জন খামারির মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনীর সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম, কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমান প্রমুখ বক্তব্য দেন। এ সময় প্রান্তিক পর্যায়ের কৃষক ও খামারিরা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com