প্রিন্ট এর তারিখঃ May 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 9, 2026 ইং
ভালুকায় নৌকা চালাতে গিয়ে নিখোজের ১৮ ঘণ্টা পরে ছাত্রের মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ভালুকায় নৌকা চালাতে গিয়ে নিখোঁজ হওয়ার ১৮ ঘণ্টা পর লাবিব খান (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার (৭মে) সকালে পৌর সদরের হরিবিলের তলদেশ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
লাবিব খান ভালুকা পৌর সভার ৩ নং ওয়ার্ড চাপড়বাড়ি শাহিন খানের ছেলে ও চাপড়বাড়ি দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র ছিলেন।
জানা যায়, গত বুধবার (০৬ মে)দুপুরে মাদ্রাসা থেকে ফেরার পথে বন্ধুদের সঙ্গে হরিবিলে নৌকা চালাতে যায় লাবিব। এক পর্যায়ে নৌকা থেকে সে বিলের গভীর পানিতে পড়ে নিখোঁজ হয়। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে রাতভর চেষ্টা চালিয়েও বৃষ্টির কারণে উদ্ধার অভিযানে তারা ব্যর্থ হন। পরবর্তীতে বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দীর্ঘ প্রচেষ্টার পর বিলের তলদেশ থেকে লাবিব খানের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
ভালুকা ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, অতিরিক্ত গভীরতা ও বৃষ্টির কারণে বুধবার উদ্ধার কাজ ব্যাহত হয়েছিল। তবে আজ সকালে ডুবুরিরা নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার করতে পেরেছেন। মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com