প্রিন্ট এর তারিখঃ May 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 12, 2026 ইং
মধুপুরে বেল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পৌর নারী কর্মীর মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভোলা রানী দাস (৫০) নামে এক নারী পরিচ্ছন্নতাকর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মধুপুর পৌরসভা কার্যালয়ের তৃতীয় তলায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ভোলা রানী পৌরসভার ৬ নং ওয়ার্ডের চারালজানি এলাকার মৃত নিরঞ্জন দাসের স্ত্রী। তিনি মধুপুর পৌরসভায় চুক্তিভিত্তিক পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার সকালেও পৌরসভা কার্যালয় পরিষ্কার করতে আসেন ভোলা রানী। ভবনের তৃতীয় তলায় কাজ করার সময় পাশের একটি গাছে বেল দেখে তিনি তা পাড়তে উৎসাহিত হন।
এসময় পৌরসভায় রক্ষিত একটি স্টিলের (এসএস) পাইপ দিয়ে বেল পাড়তে গেলে পাইপটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের উচ্চক্ষমতাসম্পন্ন ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের তারে স্পর্শ করে। মুহূর্তেই তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে। মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পৌরসভার একজন নিষ্ঠাবান কর্মীর এমন আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও স্বজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সকালবেলা কাজে এসে এভাবে প্রাণ হারানোর ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com