
টাঙ্গাইলের ধনবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপের ধাক্কায় সাদিয়া জান্নাত (১৭) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) সকাল সাড়ে ৬টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের নিজবর্নী এলাকার পুরাতন থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিয়া জান্নাত উপজেলার নিজবর্নী (বকলবাড়ী) গ্রামের মো. সাইদ বকলের মেয়ে। তিনি ধনবাড়ী শাহীন ক্যাডেট স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।স্থানীয় বাসিন্দারা জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে সড়ক পারাপারের সময় জামালপুর থেকে ঢাকাগামী একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন ২০-১৫৪৬) তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পরপরই পিকআপটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।খবর পেয়ে ধনবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।স্কুলপড়ুয়া এক শিক্ষার্থীর এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের কান্নায় ঘটনাস্থলের পরিবেশ ভারী হয়ে ওঠে। সহপাঠী ও শিক্ষকরাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুস সালাম সিদ্দিক জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। তাকে শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
পুলিশ আরও জানায়, দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।