প্রিন্ট এর তারিখঃ Jul 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 12, 2026 ইং
টাঙ্গাইলে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ এই প্রতিপাদ্য সামনে রেখে টাঙ্গাইলে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। রোববার (১২ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এই মেলার শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বন ও পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- টাঙ্গাইল বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রবিউল ইসলাম প্রমুখ। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের অন্যন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সঠিক নিয়মে গাছের পরিচর্যা করলে পুরো দেশ সবুজে পরিণত হবে। এ সময় বক্তারা পরিবেশের উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে জেলার সর্বস্তরের জনগণকে বেশি করে বৃক্ষরোপণ করার জন্য উদাত্ত আহ্বান জানান। আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রদর্শনীর খোঁজখবর নেন। এবারের মেলাকে আকর্ষণীয় করতে ও সাধারণ মানুষের দোরগোড়ায় গাছের চারা পৌঁছে দিতে মোট ৩৬টি স্টল স্থাপন করা হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, সপ্তাহব্যাপী চলমান এই মেলায় বিভিন্ন প্রজাতির উন্নতমানের ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা প্রদর্শন ও সাশ্রয়ী মূল্যে বিক্রয় করা হবে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলা প্রাঙ্গণ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com