
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের ধোকেরকুল গ্রামে লিমা আক্তার (১৭) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত লিমা আক্তার উপজেলার ধোকেরকুল গ্রামের মো. সুরুজ আলীর মেয়ে। তিনি ধনবাড়ী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। চার বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।নিহতের পরিবারের অভিযোগ, ধনবাড়ী পৌর এলাকার বন্দ-টাকুরিয়া গ্রামের দুবাই প্রবাসী মঞ্জু মিয়ার ছেলে মো. মারুফ হোসেন শান্তর সঙ্গে লিমার প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের দাবি, গত ১১ জুলাই সকাল ১০টার দিকে শান্ত ফোন করে লিমাকে দেখা করার কথা বলে বাড়ি থেকে নিয়ে যান। এরপর সারাদিন তারা বাইরে ছিলেন।
পরিবারের ভাষ্য অনুযায়ী, বিষয়টি জানাজানি হওয়ার পর রাতের দিকে ছেলেপক্ষ স্থানীয় কয়েকজন নেতাকর্মীকে অর্থের বিনিময়ে মীমাংসার চেষ্টা করে। পরে রাত আনুমানিক ১১টার দিকে লিমাকে তার বড় বোনের জামাই কাবেলের বাড়ির সামনের সড়কে জোরপূর্বক নামিয়ে রেখে চলে যায় বলে অভিযোগ করেন স্বজনরা।
পরিবার আরও জানায়, রোববার বেলা ১১টার দিকে বড় বোনের জামাইয়ের বাড়ির একটি কক্ষে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লিমাকে ঝুলতে দেখতে পান স্বজনরা। পরে স্থানীয়রা ধনবাড়ী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতের মা মোছা. শাহিদা বেগম বলেন, “গত ১১ জুলাই সকাল ১০টার দিকে মারুফ হোসেন শান্ত ফোন করে আমার মেয়েকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে আমার মেয়ের সঙ্গে কী ঘটেছে, তার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”
এ ঘটনায় নিহতের পরিবার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুস সালাম সিদ্দিক বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আগামীকাল মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষ হওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।