প্রিন্ট এর তারিখঃ Jul 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 14, 2026 ইং
সখীপুরে নতুন মাদক ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২

দেশজুড়ে যখন ইয়াবার বিরুদ্ধে মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তখন টাঙ্গাইলের সখীপুরে নতুন মাদক হিসেবে পরিচিত ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ধরা পড়ল সুমন সিকদার (২২) ও শুভ সিকদার (২০) নামে দুই মাদক ব্যবসায়ী। আজ সোমবার সকালে সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর ময়থাচালা এলাকা থেকে সহোদর ওই দুই ভাইকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নিষিদ্ধ ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আটককৃত সুমন ও শুভ ওই এলাকার সালাম সিকদারের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার (১৩ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সখীপুর পৌরসভার গড়গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকার সুমন ও শুভ সিকদারের বাড়িঘর তল্লাশি করে ৫৮০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতসহ দুই ভাইকে আটক করা হয়েছে। পরে এ বিষয়ে পরিদর্শক মো. সাইফুর রহমান রানা বাদী হয়ে সখীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করেছেন। ওই মামলায় আটক দুই ভাইকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আহসানুল কবির বুলবুল বলেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তবে শুধুমাত্র আইন দিয়ে মাদক নির্মূল সম্ভব হবে না, এজন্যে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
উল্লেখ্য, ট্যাপেন্টাডল মূলত একটি ব্যথা নাশক ট্যাবলেট। আগে ট্যাবলেটটি দেশে উৎপাদন হলেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তদারকির কারণে বর্তমানে এর উৎপাদন বন্ধ রয়েছে। তবে সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশ ভারত থেকে এই ট্যাবলেট নিয়মিত দেশে আসছে বলে ধারণা করা হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com