প্রিন্ট এর তারিখঃ Jul 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 29, 2026 ইং
মধুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা

টাঙ্গাইলের মধুপুর উপজেলার লাউফুলা ও কাইতকাই এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) পরিচালিত এ অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তিনটি পৃথক মামলায় এ অর্থদণ্ড প্রদান করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর তফসিলভুক্ত বিধান লঙ্ঘনের দায়ে পৌরশহরের কাইতকাই এলাকার সালাম অটো রাইস মিলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের দায়ে উপজেলার আলোকদিয়া ইউনিয়নের লাউফুলা এলাকার আরিফ ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা এবং একই এলাকার মানিক বেকারিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আদায়কৃত মোট ১ লাখ ৬০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
অভিযানে মধুপুর থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। এধরণের অভিযান চলমান থাকবে বলে জানান সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নঈম উদ্দীন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com