প্রিন্ট এর তারিখঃ Aug 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 1, 2026 ইং
নজরুল স্মরণে টাঙ্গাইলে আলোচনা সভা, সাহিত্য পাঠ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা ও ন্যায়ভিত্তিক আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে টাঙ্গাইলে ‘ন্যায়ের পক্ষে আপোষহীন—নজরুল’ শীর্ষক আলোচনা সভা, সাহিত্য পাঠ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন, টাঙ্গাইল এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, ঢাকার যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে জেলা শিল্পকলা একাডেমি, টাঙ্গাইল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, কথাসাহিত্যিক ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. লতিফুল ইসলাম শিবলী।
আলোচনা সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল ল’ কলেজের অধ্যক্ষ খান মোহাম্মদ খালেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. সেলিম মিঞা।এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদসহ জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাহিত্যপ্রেমী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়, বৈষম্য ও শোষণের বিরুদ্ধে এক আপোষহীন কণ্ঠস্বর। তাঁর সাহিত্য, সংগীত ও দর্শন আজও সমাজে ন্যায়, সাম্য, মানবিকতা এবং অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগায়। তাই নতুন প্রজন্মের কাছে নজরুলের আদর্শ ও সৃষ্টিকর্ম পৌঁছে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
আয়োজকরা জানান, আলোচনা সভার পাশাপাশি সাহিত্য পাঠ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে নজরুলচর্চার আগ্রহ বাড়ানো এবং তাঁর আদর্শকে আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীরা নজরুলের কবিতা, গান ও সাহিত্যকর্ম পরিবেশন করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com