প্রিন্ট এর তারিখঃ Aug 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 1, 2026 ইং
তাঁত শিল্পকে আধুনিকায়ন ও দক্ষ জনশক্তিতে গড়ে তুলতে হবে -- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে আধুনিকায়ন ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাজিতপুরে উদ্বোধন করা হয়েছে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার। শনিবার (১ লা আগস্ট) দুপুরে কেন্দ্রটির উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইলের তাঁতের শাড়ি জিআই স্বীকৃতি পাওয়ায় এ শিল্পের সম্ভাবনা আরও বেড়েছে। আধুনিক প্রযুক্তি, উন্নত যন্ত্রপাতি ও প্রশিক্ষণের মাধ্যমে তাঁতিদের দক্ষতা বৃদ্ধি করা হবে। পাশাপাশি সহজ শর্তে ঋণ ও প্রণোদনা দেওয়ার পাশাপাশি বিদেশি বাজার সম্প্রসারণ এবং রং ও সুতার ওপর শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁত শিল্প সংরক্ষণ ও সম্প্রসারণে সরকার সব ধরনের সহযোগিতা করবে। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং নতুন প্রজন্মের কাছে তাঁত শিল্প আরও আকর্ষণীয় হয়ে উঠবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। অনুষ্ঠান শেষে অতিথিরা নবনির্মিত তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার পরিদর্শন করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com