প্রিন্ট এর তারিখঃ Aug 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 5, 2026 ইং
মধুপুরে বৃদ্ধকে পিটিয়ে ১ লাখ ৮০ হাজার টাকা লুটের অভিযোগ

টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আকাশী গ্রামে পূর্ববিরোধের জেরে রহিম নামে এক বৃদ্ধকে পিটিয়ে গুরুতর আহত করে ঘরে থাকা নগদ ১ লাখ ৮০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার। এ ঘটনায় আহত বৃদ্ধকে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত আব্দুর রহিম (৬৫) আকাশী গ্রামের বাসিন্দা।স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের অভিযোগে জানা যায়, প্রতিবেশীদের টয়লেট তাদের বসতঘরের খুব কাছাকাছি নির্মাণ করায় দীর্ঘদিন ধরে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে এ বিষয় নিয়ে আব্দুর রহিমের স্ত্রীর সঙ্গে প্রতিবেশী জিয়াউর রহমানের ছেলে সিয়াম (১৮), জোয়াদ আলী(৪৫ শাহা( ৪০) পারভীন, শেফালী (৪০) গং আব্দুর রহিমের স্ত্রীর ওপর হামলার চেষ্টা করেন। প্রাণভয়ে তিনি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলে অভিযুক্ত সিয়াম দরজা ভেঙে ঘরে প্রবেশ করে লোহার রড দিয়ে রহিমের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। এতে তার বুকের পাঁজরে গুরুতর আঘাত লাগে এবং হাতে জখম হয়।
ভুক্তভোগী পরিবারের দাবি, হামলার সময় অভিযুক্তরা ঘরের ট্রাংক ভেঙে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা নিয়ে যান। পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে সেখান থেকে চলে যান।
পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত আব্দুর রহিমকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ ঘটনায় মধুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, "অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com