প্রিন্ট এর তারিখঃ Aug 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 8, 2026 ইং
পল্লী বিদ্যুতের সাব-স্টেশনে ডুকে ডিউটিরত লাইনম্যানকে বেধড়ক মারধর

টাঙ্গাইলের মির্জাপুরে পল্লী বিদ্যুতের সাব-স্টেশনে ঢুকে ডিউটিরত এক লাইনম্যানকে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে উপজেলার জামুর্কী সাব-স্টেশনে এ হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৬ আগষ্ট) মির্জাপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সহকারী ব্যবস্থাপক পলাশ ভৌমিক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
হামলায় আহত লাইনম্যান আব্দুল লতিফ (৩২) কে প্রথমে জামুর্কীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে আশঙ্কাজনক অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাব-স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, বুধবার বেলা ১১টার দিকে অজ্ঞাতনামা ২০ থেকে ২২ জনের যুবক দল আকস্মিকভাবে সাব-স্টেশনে প্রবেশ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই লাঠিসোটা নিয়ে তারা লাইনম্যান লতিফের ওপর অতর্কিত হামলা চালায় এবং এলোপাতাড়ি মারধর করে। হামলাকারীদের আঘাতে একপর্যায়ে তিনি রক্তাত্ব অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম বলেন, তার মাথায় গুরুতর আঘাত থাকায় তিনটি সেলাই দেয়া হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।
মির্জাপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সহকারী ব্যবস্থাপক (এজিএম) পলাশ ভৌমিক জানান, জামুর্কী সাব-স্টেশনে আমাদের কর্মীর ওপর অতর্কিত হামলা করে। আহত লতিফ চিকিৎসাধীন আছেন। এঘটনায় মির্জাপুর থানায় মামলা করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাশেদ ফজল বলেন, এঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে আরও ১৫ থেকে ২০জন অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com