প্রিন্ট এর তারিখঃ Aug 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 12, 2026 ইং
টাঙ্গাইলে তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত

বর্তমান সরকারের ঘোষিত অগ্রাধিকার কর্মসূুচি বাস্তবায়ন এবং বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে সাধারণ জনগনকে অবহিত ও সম্পৃক্ত করার লক্ষ্যে টাঙ্গাইলে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগষ্ট )সকাল ১১ টায় জুলাই-সেপ্টেম্বর ২০২৬ প্রান্তিকের নিয়মিত প্রচার কার্যক্রমের অংশ হিসেবে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বাঘিল কৃষ্ণ কুমার উচ্চ বিদ্যালয়ে এ সমাবেশের আয়োজন করে জেলা তথ্য অফিস সিনিয়র তথ্য অফিসার জনাব তাহলিমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: মাহবুব হাসান। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জনাব মো: জাকির হোসেন, জেলা শিক্ষা অফিসার জনাব রেবেকা সুলতানা এবং বাঘিল কৃষ্ণ কুমার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জেসমিন আক্তার।
সমাবেশে বক্তারা সরকারের ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রদান ও কৃষিঋণ মওকুফ, খাল খনন ও পুনঃখনন কর্মসূচি, দেশব্যাপী বৃক্ষরোপণ, ধর্ষণ প্রতিরোধ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং হাম-রুবেলা ও ডেঙ্গু প্রতিরোধের মতো স্বাস্থ্য সচেতনতামূলক বিষয়গুলো উঠে আসে। এছাড়া গুজব প্রতিরোধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক সমাজ গঠনে গৃহীত পদক্ষেপ, নৈতিকতা ও মূল্যবোধ চর্চা এবং সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজিত এ নারী সমাবেশে বাঘিল কৃষ্ণ কুমার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দসহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী, অর্ধশতাধিক অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com