প্রিন্ট এর তারিখঃ Aug 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 24, 2026 ইং
সখীপুরে বনের ভেতর থেকে নিখোঁজ নারীর অর্ধগলিত লাশ উদ্বার

টাঙ্গাইলের সখীপুরে বনের ভেতর থেকে জুলেখা বেগম (৫৫) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার বিকেল ৫ টার দিকে উপজেলার কাকড়াজান ইউনিয়নের শিরিরচালা দক্ষিণপাড়া গ্রামের একটি বন থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। জুলেখা বেগম ওই এলাকার মোজাফফর আলীর স্ত্রী।
স্থানীয় বাসিন্দা শরাফত আলী বলেন, দুপুরের পর থেকে বাড়ির পাশের বন থেকে তীব্র দুর্গন্ধ ভেসে আসছিল। ধীরে ধীরে বনের পাশে গিয়ে দেখতে পাই, ওই নারীর লাশ পড়ে আছে, ওই লাশ থেকেই গন্ধ ছড়াচ্ছে।
কাকাড়াজান ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মোজাম্মেল হোসেন বলেন, প্রথমে লাশটি দেখে কেউ চিনতে পারেনি। খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে লাশের পরিচয় শনাক্ত করেছেন।
নিহতের ছেলে জাকির হোসেন বলেন, গত বৃহস্পতিবার বিকেল থেকে আমার মা নিখোঁজ ছিলেন। তিনি গত পাঁচ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছেন। এর আগেও তিনি বেশ কয়েকবার নিখোঁজ হয়েছিলেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এটি হত্যা না-কি অন্য কোনো বিষয় তা খতিয়ে দেখতে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com