প্রিন্ট এর তারিখঃ Aug 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 25, 2026 ইং
সখীপুরে ঘুমন্ত দম্পতিকে ঘরে আটকে আগুন: শিক্ষককে সন্দেহের প্রতিবাদে সংবাদ সম্মেলন

টাঙ্গাইলের সখীপুরে ঘুমন্ত দম্পতিকে বাইরে থেকে শিকল দিয়ে আটকে রেখে বসতঘরে আগুন দেওয়ার ঘটনায় প্রতিবেশীদের সন্দেহ করে পরিবারটি। এমন সন্দেহের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন প্রতিবেশী শিক্ষক আরমান আলী খান। একই সঙ্গে তিনি ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি করেছেন। সোমবার বিকেল ৫ টার দিকে সখীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ দাবি জানান।
শিক্ষক আরমান বলেন, গত শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাতে সখীপুর পৌরসভার উখারিয়াচালার বাসিন্দা লাল মিয়ার বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনার সঙ্গে যারা জড়িত, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। তবে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাঁকে ও তার পরিবারের সদস্যদের এ ঘটনায় সন্দেহ করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
আরমান আলী বলেন, তিনি একজন শিক্ষক ও উখারিয়াচালা সমাজের সভাপতি। অগ্নিকাণ্ডের মতো ঘটনায় তাকে সন্দেহ করায় তিনি সামাজিকভাবে অপমানিত ও হেয় হচ্ছেন। কোনো প্রমাণ ছাড়া যোনো তাকে হয়রানি বা মামলায় জড়ানো না হয়—এমন দাবিও জানান তিনি। এর আগেও তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ওই পরিবারটি ভবিষ্যতেও তাকে ফাঁসানোর উদ্দেশ্যে আরও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করে প্রশাসনের কাছে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান শিক্ষক আরমান।
উল্লেখ্য, শুক্রবার গভীর রাতে সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর উখারিয়াচালায় লাল মিয়ার বসতঘরে আগুন লাগে। এ সময় ঘরের ভেতরে লাল মিয়া ও তাঁর স্ত্রী অবস্থান করছিলেন, কিন্তু দরজা বাইরে থেকে শিকল আটকানো থাকায় ওই দম্পতি ঘরে থাকা দা দিয়ে টিনের বেড়া কেটে বাইরে বের হন। এ সময় তিনি আহত হলে তাঁকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
ওইদিন লাল মিয়ার স্ত্রী বেগম আক্তার (৪৫) অভিযোগ করেন, জমি নিয়ে স্থানীয় এক প্রতিবেশীর সঙ্গে তাঁদের বিরোধ রয়েছে। কয়েক দিন আগেও ওই প্রতিবেশীরা তাঁর স্বামীকে পুড়িয়ে মারার হুমকি দিয়েছিলেন। এ নিয়ে গত ২২ আগস্ট "ঘুমন্ত দম্পতিকে ঘরে আটকে আগুন দেওয়ার অভিযোগ" শিরোনামে দৈনিক আজকের পত্রিকা অনলাইনে ও ২৩ আগস্ট ছাপা সংস্করণে সংবাদ প্রকাশ হয়।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় সন্দেহজনক কয়েকজনের নাম উল্লেখ করে সখীপুর থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। এখানে অযথা কাউকে হয়রানি করার কারণ নেই।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com