প্রিন্ট এর তারিখঃ Aug 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 29, 2026 ইং
জামালপুরে গৃহবধু ইসরাত হত্যার প্রধান আসামি কাউসার আটক

জামালপুর প্রতিনিধি
জামালপুরে গৃহবধূ ইসরাত জাহান মিমি হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি কাউসারকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে কাউসার হত্যাকাণ্ডের যে কারণ ও ঘটনার বর্ণনা দিয়েছে, তা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ২০১৪ সালে ইসরাত জাহান মিমির বিয়ে হয়। ২০২১ সালে স্বামী মারা যাওয়ার পর এক মেয়ে ও এক ছেলে সন্তানকে নিয়ে তিনি জামালপুর শহরে বসবাস করছিলেন।
প্রায় তিন বছর আগে কাউসারের মুদি দোকানে কেনাকাটার সূত্রে ইসরাতের সঙ্গে তার পরিচয় হয়। পরে পাওনা টাকা পরিশোধের কথা বলে ইসরাত কৌশলে কাউসারকে নিজ বাসায় ডেকে নেন বলে দাবি করেছে গ্রেফতারকৃত কাউসার।
কাউসারের দাবি, একপর্যায়ে তাকে অনৈতিক সম্পর্কে জড়াতে বাধ্য করা হয় এবং সেই সম্পর্কের দৃশ্য গোপনে ভিডিও করে তাকে নিয়মিত ব্ল্যাকমেইল করা হতো। ওই ভিডিও দেখিয়ে ইসরাত তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন বলেও দাবি করেছে কাউসার।
কাউসারের আরও দাবি, তাকে ইয়াবায় আসক্ত করার পাশাপাশি তার পরিবারকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া হয়। এ সময় তার জমানো টাকা, জমি বিক্রির অর্থ এবং পারিবারিক অলঙ্কার বিক্রির অর্থও নেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি।
সাম্প্রতিক সময়ে ইসরাত অন্য ব্যক্তিদেরও একই ধরনের ফাঁদে ফেলতে কাউসারকে বাধ্য করার চেষ্টা করলে তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়।
২৪ আগস্ট ২০২৬, ঘটনার দিন টাকা নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ইসরাত কাউসারের স্ত্রীকে ফোন করে তাদের কথিত অবৈধ সম্পর্কের বিষয়টি জানিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ধস্তাধস্তির একপর্যায়ে কাউসার ইসরাতকে শ্বাসরোধ করে হত্যা করেন এবং পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে গ্রেফতারকৃত আসামির দাবি।
তবে এসব তথ্য গ্রেফতারকৃত আসামি কাউসারের বক্তব্য ও দাবির ভিত্তিতে পাওয়া গেছে। অভিযোগগুলোর সত্যতা এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ তদন্ত ও আদালতের বিচারিক প্রক্রিয়ায় নিশ্চিত হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com