প্রিন্ট এর তারিখঃ Sep 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 1, 2026 ইং
টাঙ্গাইলে জব ফেয়ারে চাকুরি প্রত্যাশীদের ঢল :চাকুরি নিশ্চিত হয়েছে ২০২৭ জনের

টাঙ্গাইলে প্রথমবারের মতো দিনব্যাপী অনুষ্ঠিত জব ফেয়ারে অংশ নিয়ে চাকুরি পেয়েছেন ৪৪৬জন। বাছাইকৃত আরও এক হাজার ৫৮১জন খুব শীঘ্রই চাকুরি পাবেন। তাদের প্রাথমিক যাচাই কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। আগামী এক মাসের মধ্যেই সমস্ত কার্যক্রম শেষে তাদের নিয়োগপত্র দেওয়া হবে। এই জব ফেয়ারে চাকুরি প্রত্যাশী হিসেবে রেজিস্ট্রেশন করেছিলেন ১১ হাজার ৪২৭জন। জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি দীপ ভৌমিক এই তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে সরকারি চাকরির জন্য যারা নিবন্ধন করেছেন তাদের নিয়োগ পরীক্ষা বিভাগীয় কমিশনার, ঢাকা এর কার্যালয়ে অনুষ্ঠিত হবে। পরীক্ষার তারিখ ও সময় সূচি যথাসময়ে প্রার্থীদের অবহিত করা হবে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের প্রচেষ্টায় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জনসেবা চত্বরে ব্যাতিক্রম এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে জব ফেয়ার-২০২৬ উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক।
উদ্বোধনী পর্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহবুব হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সেলিম মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) (অতিরিক্ত দায়িত্ব) সুমাইয়া মমিন, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, এনডিসি দীপ ভৌমিক প্রমূখ।
উদ্বোধনের পর জেলা প্রশাসক শরীফা হক গণমাধ্যম কর্মীদের বলেন, ‘ প্রায় প্রতিদিনই তরুণ শিক্ষিতরা চাকুরির প্রত্যাশা নিয়ে আমার দ্বারস্থ হতো। আমার সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে পরামর্শ দিয়ে তাদের বিদায় দিতাম। মাঝে মধ্যেই ভাবতাম চাকুরী প্রত্যাশীদের কি করা যায়? সেই ভাবনা থেকেই টাঙ্গাইলে প্রথমবারের মতো জব ফেয়ারের আয়োজন করা হয়েছে।
শরীফা হক বলেন, ‘আমরা চাকুরী প্রত্যাশী ও চাকুরীদাতাদের একসাথে একছাদের নিচে একত্রিত করে মেধা ও যোগ্যাতা অনুসারে ইনস্ট্যান্ট চাকুরির ব্যবস্থা করার জন্য আমরা অর্ধশতাধিক চাকুরীদাতা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেছি। আজকের জব ফেয়ারে ৫১টি চাকুরিদাতা প্রতিষ্ঠান অংশ নেয়। এসএসসি পাশ থেকে শুরু করে এমএ পাশ পর্যন্ত সকলের চাকুরির ব্যবস্থা রাখা হয়। মেলা উদ্বোধনের আগেই প্রায় ছয় হাজার চাকুরি প্রত্যাশী রেজিস্ট্রেশন করায় আমরা অনুপ্রাণিত হয়েছি। আমরা ভবিষ্যতে আবারও জব ফেয়ার আয়োজন করবো।’
মঙ্গলবার দুপুরে জব ফেয়ারের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং চাকুরীদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও চাকুরী প্রার্থীদের সাথে কথা বলেন মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি জব ফেয়ারের এই আয়োজনের ভুয়সী প্রশংসা করেন।
অনলাইনে রেজিস্ট্রেশনের বাইরে মেলা প্রাঙ্গণে স্থাপিত ৫১টি স্টলে চাকরিপ্রার্থীরা সরাসরি উপস্থিত হয়ে পছন্দের প্রতিষ্ঠানে অন-স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেওয়ার সুযোগ পান। প্রতিষ্ঠানগুলোও তাদের চাহিদা অনুযায়ী সরাসরি যোগ্য প্রার্থী বাছাই ও জীবনবৃত্তান্ত যাচাইয়ের কাজ পরিচালনা করছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com