প্রিন্ট এর তারিখঃ Sep 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 4, 2026 ইং
টাঙ্গাইলে বিনামূল্যে প্রাণী স্বাস্থ্যসেবা টিকাদান ও চারা বিতরণ

টাঙ্গাইলে বিনামূল্যে প্রাণী স্বাস্থ্যসেবা, বিভিন্ন প্রজাতির পশুপাখির টিকাদান, মাছের খাদ্য বিতরণ এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল সদর উপজেলার তারটিয়া স্কুল মাঠে যৌথভাবে এই মানবিক ও সামাজিক কর্মসূচির আয়োজন করে 'বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন' এবং 'টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরাম'।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ড. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. আতিকুর রহমান মিঠু, কৃষিবিদ বদরুল হক শাহীন, ড. মো. ওসমান গনি, ড. ইমরান হাসান লিংকন এবং টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেলসহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
সম্পূর্ণ কর্মসূচিটি যৌথভাবে সঞ্চালনা করেন মহসিন হোসেন সাদ্দাম প্রামাণিক এবং টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের সদস্য সচিব মহিদুল ইসলাম মহিত।
দিনব্যাপী এই আয়োজনে স্থানীয় খামারি ও সাধারণ মানুষের গরু, ছাগল, হাঁস-মুরগিসহ বিভিন্ন প্রজাতির প্রাণীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ভ্যাকসিন দেওয়া হয়। একই সঙ্গে খামারিদের উৎসাহিত করতে বিনামূল্যে মাছের খাবার সরবরাহ করা হয়।
পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠান শেষে উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com