প্রিন্ট এর তারিখঃ Sep 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 9, 2026 ইং
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে টাঙ্গাইলে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা

মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি ও বিশেষ আলোচনা সভার মধ্য দিয়ে টাঙ্গাইলে পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে জেলা
প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষ্যে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের (২য় পৃষ্ঠায় দেখুন)জেলা প্রশাসক। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “সাক্ষরতা মানুষের কেবল একটি অর্জিত দক্ষতা নয়, এটি একটি অন্যতম মৌলিক মানবাধিকার। অর্থনৈতিক, সামাজিক ও নানা নানামুখী প্রতিবন্ধকতা থেকে মুক্তির অন্যতম কার্যকর উপায় হলো শতভাগ সাক্ষরতা অর্জন করা। অজ্ঞতা ও সামাজিক অনগ্রসরতা দূর করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সাক্ষরতার বিকল্প নেই।"
তিনি আরও উল্লেখ করেন, পরিবর্তনশীল বিশ্বে মানুষের ব্যক্তিগত ক্ষমতায়ন, পরিবেশ সুরক্ষা এবং একটি টেকসই ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে সাক্ষরতার রূপান্তরমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি নাগরিককে শিক্ষার আলোয় আলোকিত করতে সরকারের পাশাপাশি স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রতিনিধি, শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা জেলার প্রতিটি প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সাক্ষরতার আলো পৌঁছে দেওয়াসহ শতভাগ সাক্ষরতা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com