প্রিন্ট এর তারিখঃ Sep 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 14, 2026 ইং
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুস সালাম পিন্টু এমপি উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক।
সভায় টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সংশ্লিষ্ট সবার সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট কমিটির সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com