প্রিন্ট এর তারিখঃ Sep 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 14, 2026 ইং
ফ্যাসিস্টরা যদি আর দু’তিন বছর থাকতো তবে বাংলাদেশ সিকিম হয়ে যেতো-- বিমান ও পর্যটন মন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ফ্যাসিস্টরা যদি আর দু’তিন বছর থাকতো, তবে বাংলাদেশ সিকিম হয়ে যেতো। ফ্যাসিস্ট সরকার তাদের জুলুম ও কৃতকর্মের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সকল মন্ত্রী পরিষদকে নিয়ে যেভাবে দেশ থেকে ভারতে পালিয়ে গেছে, তা থেকে আমাদের শিক্ষা নেয়া উচিত। এ থেকে যদি আমরা কোন শিক্ষা না নেই তবে আমাদের ভবিষ্যৎ খুবই খারাপ আছে। ফ্যাসিস্টের সময় দেশের সকল সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ন্ত্রণ করে তাদের ইচ্ছা মতো নির্দেশনা দিয়ে কাজ করাতেন। যে কারণে আজ প্রায় ২০ বছর দেশে কোন সুষ্ঠু নির্বাচন হয়নি। হাজার হাজার কোটি টাকা পাচারের কারণে দেশ আজ পিছিয়ে পড়েছে।
তিনি ১৩ সেপ্টেম্বর রোববার দুপুরে শেরপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, ১৯৭১ সনে আমরা স্বাধীনতা পেয়েছি এবং ২০২৪ এ আমরা সার্বভৌমত্ব পেয়েছি। আর এই পাওয়ার পেছনে যারা জীবন দিয়েছে তাদেরকে আমাদের স্মরণ রাখতে হবে এবং তাদের চেতনাকে ধরে রেখে দেশের উন্নয়নে কাজ করতে হবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ সময় শেরপুর জেলায় গারো পাহাড় এলাকায় পর্যটন কর্পোরেশনের পর্যটন স্পট এবং হোটেল-মোটেল নির্মাণে দ্রুত পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দেন।
শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় সরকারদলীয় শেরপুর-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা: সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক মামুনুর রশিদ পলাশ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী শেরপুর সার্কিট হাউসে পৌছলে জেলা বিএনপির নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানায় এবং গার্ড অব অনার জানানো হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com