
টাঙ্গাইলের বাসাইলে প্রাতভ্রমণে বের হয়ে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় রংমালা রানী (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার বাসাইল সদর ইউনিয়নের বাসুলিয়া চাপড়াবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রংমালা রানী ওই ইউনিয়নের হান্দুলীপাড়া গ্রামের নরেন্দ্র মন্ডলের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে স্বামী নরেন্দ্র মন্ডলের সঙ্গে প্রাতর্ভ্রমণে বের হয়েছিলেন রংমালা রানী। তাঁরা বাসুলিয়া এলাকায় পৌঁছালে বাসাইল থেকে নলুয়াগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল পেছন দিক থেকে তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান।
এ সময় তাঁর পরনের কাপড় মোটরসাইকেলের সঙ্গে জড়িয়ে গেলেও চালক গাড়ি না থামিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। পরে ঢাকায় নেওয়ার উদ্দেশ্যে হাসপাতাল থেকে বের করার সময়ই তাঁর মৃত্যু হয়।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘাতক মোটরসাইকেল ও চালককে শনাক্ত করতে পুলিশ কাজ করছে।