প্রিন্ট এর তারিখঃ Sep 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 15, 2026 ইং
সখীপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ৩ নেতা গ্রেপ্তার

টাঙ্গাইলের সখীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার ভোরে পৌরসভার কাহারতা ও বাশারচালা এলাকার নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— সখীপুর পৌর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সাবেক কাউন্সিলর মঞ্জুরুল হক মজনু (৫০), পৌর কৃষক লীগের যুগ্ম সম্পাদক সাবেক কাউন্সিলর এখলাছ হায়াৎ সরোয়ার (৪৮) ও উপজেলার বাশারচালা এলাকার যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক (৪২)। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
মামলার বিবরণ ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৩ আগস্ট সখীপুর তালতলা চত্বর ও উপজেলা পরিষদ ফটকের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় ওই বছরের ২৬ আগস্ট রাতে সখীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মোরশেদুল হক অন্তর বাদী হয়ে ১৬৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে সখীপুর থানায় মামলা করেন।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) শরীফ আশিকুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় সন্দেহভাজন আসামি হিসেবে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার বেলা ১১টার দিকে তাঁদের আদালতের মাধ্যমে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com