প্রিন্ট এর তারিখঃ Sep 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 16, 2026 ইং
সখীপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে বিষধর সাপের কামড়ে জুনায়েদ হাসান নামে সাড়ে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শিশু জুনায়েদ উপজেলার কচুয়া পশ্চিমপাড়া এলাকার জাহিদ হাসান ও লোনা আফরিন দম্পতির ছেলে।
পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে খাবার খেয়ে জুনায়েদ ঘুমিয়ে পড়েছিল। বিকেল ৫টার দিকে ঘুম থেকে উঠে সে কান্নাকাটি শুরু করে। একপর্যায়ে বাবা-মাকে জানায়, কী যেনো কামড় দিয়েছে। আশপাশে সাপ দেখতে না পাওয়ায় প্রথমে পরিবারের সদস্যরা বিষয়টি সাপের কামড় বলে নিশ্চিত হতে পারেননি।
পরে শিশুটি অচেতন হয়ে পড়লে সন্ধ্যা ৭টার দিকে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা জুনায়েদের অবস্থা সংকটাপন্ন দেখতে পান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম থাকলেও আইসিইউ সুবিধা না থাকায় শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে জুনায়েদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাবেয়া আক্তার জানান, শিশুটিকে হাসপাতালে আনার সময় তার অবস্থা খুবই খারাপ ছিল। হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম থাকলেও আইসিইউ সুবিধা না থাকায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কান্নাজড়িত কন্ঠে জুনায়েদের বাবা জাহিদ হাসান বলেন, আমার সন্তানের জন্য আমি কিছুই করতে পারলাম না। আল্লাহ আমার একমাত্র সন্তানকে নিয়ে গেলো! এদিকে মঙ্গলবার সকাল ১০টার দিকে পশ্চিম কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জুনায়েদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com