প্রিন্ট এর তারিখঃ Sep 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 17, 2026 ইং
ধনবাড়ীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

টাঙ্গাইলের ধনবাড়ী পৌর শহর বাজার এলাকায় সাধারণ পথচারীদের নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে অবৈধ ভাবে ফুটপাত দখল করে গড়ে ওঠা ভাসমান ও অস্থায়ী দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ প্রশাসনের সহযোগিতায় এই অভিযান চালানো হয়।দীর্ঘদিন ধরে ধনবাড়ী পৌর শহরের প্রধান বাজার এলাকার ফুটপাত দখল করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও অস্থায়ী দোকানপাট বসিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিল বেশ কিছু ব্যবসায়ী। এতে ফুটপাত সংকুচিত হয়ে যাওয়ায় সাধারণ পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটার পাশাপাশি প্রতিনিয়ত শহরে যানজটের সৃষ্টি হচ্ছিল।
জনভোগান্তির এই বিষয়টি নিয়ে বিভিন্ন সময় স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি টাংগাইল জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের নজরে আসে এবং তারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। গণমাধ্যমের খবর ও জনদুর্ভোগের বিষয়টি আমলে নিয়ে আজ দুপুরে ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরজাহান আক্তার সাথী-এর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।অভিযান চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরজাহান আক্তার সাথী,সহকারী কমিশনার (ভূমি), ধনবাড়ী দিল আফরোজ,ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃনূরুস সালাম সিদ্দিক সহ ধনবাড়ী থানা পুলিশ।
প্রশাসনের এই যৌথ আভিযানে বাজারের বিভিন্ন সড়কের দুই পাশের ফুটপাতে থাকা অবৈধ স্থাপনা, ফলের দোকান ও অন্যান্য অস্থায়ী দোকানপাট সরিয়ে দেওয়া হয়। এ সময় অনেক ব্যবসায়ীকে সতর্ক করা হয় যেন তারা পুনরায় ফুটপাত দখল না করেন।"জনস্বার্থে এবং পথচারীদের নির্বিঘ্নে চলাচলের জন্য ফুটপাত দখলমুক্ত রাখা অত্যন্ত জরুরি। গণমাধ্যমে খবর প্রকাশের পর জনভোগান্তি লাঘবে আমরা এই উদ্যোগ নিয়েছি।"অভিযান শেষে প্রশাসন থেকে জানানো হয়, ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। যারা পুনরায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে ভবিষ্যতে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে প্রশাসনের এমন উচ্ছেদ অভিযান আগামীতে ও অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com