প্রিন্ট এর তারিখঃ Sep 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 19, 2026 ইং
যমুনায় ধরা পড়ল ৩৩ কেজির বাঘাইড়, বিক্রি হলো ৫০ হাজার টাকায়

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বাঘাইড় মাছ। এই মাছটি ৫০ হাজার টাকায় বিক্রি করেছে মাছ ব্যবসায়ী মোঃ আব্দুল হালিম।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে বিশাল আকৃতির বাঘাইড় মাছটি উপজেলার গোবিন্দাসী ঘাট মাছ বাজারে উঠলে সেটি ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়।
জানা গেছে, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোরিলা বাড়ি এলাকার এক জেলে তার সহযোগীদের সাথে নিয়ে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে যমুনা নদীতে জাল দিয়ে মাছ ধরতে যায়। এসময় তাদের জালে বিশাল আকৃতির এই বাঘাইড় মাছটি ধরা পড়ে। পরে মাছটি তারা শুক্রবার সকালে ভূঞাপুরের গোবিন্দাসী মাছ বাজারে নিয়ে আসে। এতে উন্মুক্ত ডাকের মাধ্যমে গোবিন্দাসী বাজারের মাছ ব্যবসায়ী আব্দুল হালিম মাছটি বিক্রির জন্য ক্রয় করে নেন। পরে এলাকার লোকজন সেই মাছটি ৫০ হাজার টাকায় ক্রয় করে ভাগাভাগি করে নেয়। এর আগে বৃহৎ আকারের বাঘাইড় মাছটি দেখার জন্য বাজারে লোকজন ভিড় জমায়।
মাছ বিক্রেতা বলেন, নদ-নদীতে মাছ ধরে বিক্রি করাই আমার পেশা। এতো বড় মাছ নদীতে সব সময় ধরা যায় না। অনেক দিন পর এতো বড় মাছ ধরতে পেরে আমি খুবই খুশি।
মাছ ব্যবসায়ী আব্দুল হালিম জানান, কালিহাতী উপজেলার গোরিলা বাড়ি এলাকার এক ছেলে মাছটি বিক্রির জন্য গোবিন্দাসী ঘাট বাজারে নিয়ে আসলে আমি বিক্রির জন্য কিনে নেই। পরে এলাকার লোকজন ৫০ হাজার টাকা দিয়ে কিনে ভাগাভাগি করে নেয়।
গোবিন্দাসী মৎস্য বাজার সমিতির সভাপতি বাবলু হালদার বলেন, গোবিন্দাসী ঘাট বাজারে মাঝে মধ্যেই বড় বড় মাছ পাওয়া যায়। সকালে মাছটি বিক্রির জন্য তোলা হয়। কয়েকজন জেলে মাছটি যমুনা নদী থেকে ধরে। এই ৩৩ কেজি ওজনের মাছটি ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com