প্রিন্ট এর তারিখঃ Sep 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 24, 2026 ইং
প্রত্যাশা করি

বাদল মাহমুদ
বলা হয়ে থাকে – ব্যর্থতাই সফলতার চাবিকাঠি –. এই ব্যর্থতাই অভিজ্ঞতা আর অভিজ্ঞতাই তথ্য। কোনো উপায় বের করতে বুদ্ধি লাগে, যদি সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে তথ্য থাকে তবে উপায় বের করা সহজ হয়। যদি কোনো বিজ্ঞানী পূর্বে ম্যালেরিয়ার জীবানু ছড়ানোর সাথে বাতাসের সম্পর্ক নিয়ে গবেষণা করে ব্যর্থ হয়ে থাকতেন, তাহলে রোনাল্ড রসকে মশা নিয়ে গবেষণার আগে বাতাস নিয়ে গবেষণা করতে হতো না।
যত বিষয়ে যত তথ্য উন্মোচিত হয়, তা সবার আগে প্রচারিত হয় সংবাদমাধ্যমে। এই তথ্য নিয়ে যে-যার-মতো করে সিদ্ধান্ত নেয়। তথ্য যত সঠিক হবে এবং বুদ্ধি যত প্রখর ও নির্মোহ হবে, সিদ্ধান্ত তত সঠিকতার কাছাকাছি যাবে।
সংবাদ মাধ্যম সেইসব তথ্যকে বেশি গুরুত্ব দেয় যেগুলো বেশি জনস্বার্থসংশ্লিষ্ট। রাষ্ট্র তার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ ও কার্যকর ব্যবস্থা নিয়ে নাগরিকদের কল্যাণ করতে পারে, যা রাষ্ট্রের দায়িত্ব।
রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা থাকেন, বিশেষ করে সরকার, অনেক সময় সব তথ্য প্রকাশ করতে দিতে চায় না। যে-তথ্য তাদের বিরুদ্ধে যাবে, জনদুর্ভোগের জন্য সরকারের অবহেলা বা অপকর্ম বেরিয়ে আসবে, তাদের ক্ষমতায় থাকা কঠিন হবে, তখন তারা সেই তথ্য প্রচার নিষিদ্ধ বা বাধাগ্রস্ত করবে। যে-সব সংবাদমাধ্যম সাহস ও কৌশল করে, ঝুঁকি নিয়ে হলেও, মানুষকে জানাবে, সেগুলোই হয়ে উঠে গণমাধ্যম।
দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশের জন্য ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ-টিআইবি দৈনিক প্রগতির আলো-কে মফস্বল থেকে প্রকাশিত পত্রিকার মধ্যে ২০০৮ সালে শ্রেষ্ঠ নির্বাচিত করে। বাংলাদেশে টিআইবি সূচনা থেকে আজ পর্যন্ত দুর্নীতি নিয়ে গবেষণা করে যে-সব প্রতিবেদন প্রকাশ করেছে, তা কোনো সরকারই ভালোভাবে নেয়নি। টিআইবি-কে পক্ষপাতদুষ্ট বলেছে, মামলার হুমকি দিয়েছে, তবে করেনি, কিন্তু ফান্ড সংগ্রহের পথ সংকুচিত করে কাজ বন্ধ করে দিতে চেয়েছে সরকার। অথচ বিরোধী দলে থাকাকালে টিআইবি-র তথ্য দিয়ে সরকারকে ঘায়েল করেছে। প্রগতির আলো নিয়ে টিআইবি-র মূল্যায়নকে সেজন্য আমি গুরুত্ব দিয়েছি।
হাসিনা সরকারের আমলে যখন ‘জঙ্গিদমন’ চলছিল, তখন এই পত্রিকার সম্পাদক তার উপর একটি আলোচন সভা করতে চাইলেন। কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক (প্রয়াত), আমি ও সম্পাদক একত্রে এসপি ও জেলা প্রশাসকের সাথে আলাদা কথা বললাম। শেষ পর্যন্ত হয়নি, বিভিন্নভাবে শুনতে পেলাম প্রশাসনের ঘনিষ্ট কিছু সাংবাদিক এর বিপক্ষে ছিলেন। এ-ও শুনলাম, এই পত্রিকার সঙ্গে নাকি জামায়াত-জঙ্গি কানেকশন আছে। তারপর নিষিদ্ধ হলো।
কারো সঙ্গে গোপন সংযোগকে সমর্থন করি না। নীতিগত অবস্থান প্রকাশ্য থাকা উচিত। জনস্বার্থ, নারী-পুরুষে সমানাধিকার, অসাম্প্রদায়িকতা, মুক্তচিন্তা, রাষ্ট্রের সার্বভৌমত্ব, বিশ্বশান্তির পক্ষে বিভিন্ন মত-পথ নিয়ে আলোচনা-সমালোচনা থাকবে পত্রিকায়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com